আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে অংকুর
গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা
কক্সবাজারের মেধাবী শিক্ষার্থী অংকুর দাশের আত্মার সদগতি কামনায় গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে শহরের লালদিঘীর পাড়ের ব্রাহ্ম মন্দিরের শ্রী বিভূতি ভূষণ সেন মিলনায়তনে অংকুর দাশ স্মৃতি সংসদ এ আয়োজন করে।
একইদিন বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। অংকুর দাশ স্মৃতি সংসদের আহ্বায়ক নারায়ণ দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বদর মোকাম সমাজ কমিটির সভাপতি আদনান সাউদ। উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অধ্যক্ষ অজিত দাশ।
অতিথি ছিলেন শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন দাশ, কক্সবাজারের সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, বাগীশিক কক্সবাজার জেলা সংসদের উপদেষ্টা মাস্টার জগদিশ শর্মা ও কাজল কান্তি পাল।
গীতা শিক্ষক মৃদুল মল্লিকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্যে রাখেন অংকুর দাশের বাবা সাংবাদিক বলরাম দাশ অনুপম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অংকুর দাশ তার মেধা, বিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। অল্প বয়সেই গীতা পাঠ প্রতিযোগিতা, পড়াশোনা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাফল্য সত্যিই প্রশংসনীয় ছিল। অংকুরের আদর্শ, মেধা ও সুন্দর স্মৃতি আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য সবসময় অনুপ্রেরণা ও অনুকরণীয় হয়ে থাকবে।
বিডি/আলোকিত চট্টগ্রাম

