ফটিকছড়ির গহিন পাহাড়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের গোপন সাম্রাজ্যে টানা চার দিনের রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে ধরা পড়েছে দুর্ধর্ষ এই সন্ত্রাসীর ছয় সহযোগী। উদ্ধার হয়েছে রায়হানের নিজের ব্যবহৃত ইতালির তৈরি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, দেশীয় বন্দুক, ৩৪ রাউন্ড গুলি এবং পাহাড়ের বুকে গড়ে তোলা তার অস্ত্র তৈরির কারখানার বিপুল সরঞ্জাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশের দাবি, ফটিকছড়ির ভূজপুর ও সুয়াবিলের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আস্তানা গেড়ে অপরাধমূলক কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল রায়হান ও তার বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে রায়হানকে ধরতে এই বিশেষ অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।
অভিযানের দ্বিতীয় দিন (২৩ নভেম্বর) সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার গহিন পাহাড়ে হানা দেয় পুলিশ। সেখানে মেলে রায়হান বাহিনীর অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান। উদ্ধার করা হয় অস্ত্রের বাট, ট্রিগার, নল, স্প্রিং, ট্রিগার গার্ড, ড্রিল ও গ্রাইন্ডার মেশিনসহ বিপুল সরঞ্জাম। সেদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে সুয়াবিলের চুরখাঁরহাট এলাকা দিয়ে পালানোর চেষ্টা করে রায়হান ও তার দলবল। এ সময় স্থানীয় জনতা তাদের পথরোধ করলে শুরু হয় সংঘর্ষ। পালানোর পথ খুঁজতে সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি শটগানের গুলি ছোড়ে রায়হান বাহিনী। এতে ছয়জন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। তবে জনতার প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসীরা; হাতেনাতে আটক হন রায়হানের সহযোগী ও অটোরিকশা চালক মো. জাবেদ হোসেন (২৫)।
ঘটনার পরপরই রায়হানকে ধরতে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবির একাধিক টিম পুরো এলাকায় চেকপোস্ট বসিয়ে রাতভর চিরুনি অভিযান চালায়। এর ধারাবাহিকতায় ২৫ নভেম্বর কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকা থেকে মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয় রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১)। তাদের দেওয়া তথ্যে চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় মো. ইকতিয়ার ফরহাদকে (২০)। তার শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার হয়। পুলিশ জানায়, গুলিগুলো রায়হান এবং বন্দুকটি তার আরেক সহযোগী এজাহার মিয়া সেখানে লুকিয়ে রেখেছিল।
পরবর্তীতে তথ্যের ভিত্তিতে সুয়াবিলের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে রায়হানের ঘনিষ্ঠ সহযোগী মো. মহররম আলীকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে মেলে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি।
জিজ্ঞাসাবাদে মহররম জানায়, ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত রায়হান তার বাড়িতেই আত্মগোপনে ছিল। পুলিশি তৎপরতা টের পেয়ে পালানোর সময় নিজের পিস্তল ও গুলি তার জিম্মায় রেখে যায় রায়হান। এছাড়া কাজীরহাট এলাকা থেকে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দে-কে (৬৫) গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা আরেকটি পিস্তল আগেই সরিয়ে ফেলায় সেটি উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিযানে রায়হান বাহিনীর কাছ থেকে একটি ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, পিস্তলের ২২ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক, শটগানের ১২ রাউন্ড কার্তুজ ও দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মূল হোতা শীর্ষ সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তার এবং তার লুকানো বাকি অস্ত্র উদ্ধারে পাহাড়ে ও সমতলে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত চট্টগ্রাম

