বর্ণিল আয়োজনে বরণ করা হলো পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। তিনি বলেন, পিসিআইইউ একটি পরিবার। শিক্ষক থেকে শুরু করে এখানকার সবাই আপনাদের সর্বোচ্চ যত্ন নেবেন, যেন আপনারা প্রত্যেকে ফুলের মতো বিকশিত হতে পারেন। এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মমত্ববোধ রয়েছে। আমরা সবাই মিলে এই পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাব।
এতে প্রধান বক্তা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অধীন ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালের (গ্রেড-১) প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। তিনি বলেন, শিক্ষা ও মেধার চূড়ান্ত পরিণতি হওয়া উচিত দক্ষতা। আমি যা শিখেছি, সেটিতে কতটুকু দক্ষ তা প্রমাণ করতে না পারলে বর্তমান বিশ্বে টিকে থাকা খুবই কঠিন। আপনারা যে বিষয়েই ভর্তি হয়ে থাকুন না কেন, সেই বিষয়ে সেরাদের একজন হওয়ার চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, আজ তোমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় জীবন কেবল পড়াশোনার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজেকে একজন আদর্শ, সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে গড়ে তোলার সর্বোত্তম সময় এটি।
এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন নবীন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বাহারি সাজে সজ্জিত ক্যাম্পাস। বিবিএ বিভাগের শিক্ষার্থী নাইমা তাবাচ্ছুম সানজি বলেন, ভালো কিছু শেখার স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। উপাচার্য স্যারসহ উপস্থিত সবার বক্তব্য শুনেছি। শিক্ষকদের দেওয়া উপদেশগুলো মেনে চলব। চেষ্টা করব নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা বলেন, প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ থেকেই এই বিভাগে ভর্তি হয়েছি। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অন্যতম কারণ এখানকার সাবেক শিক্ষার্থীদের ইতিবাচক পরামর্শ। আমি মনে করি, এটি আমার জন্য সেরা সিদ্ধান্ত। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়টি দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি আশা করছি, এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারব।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ইলফা সুলতানা বলেন, চট্টগ্রাম শহরে এই বিশ্ববিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তাদের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে আমি এই বিভাগে ভর্তি হয়েছি। সাংবাদিকতার পাশাপাশি আমি একজন লেখক হতে চাই।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের অধীনে ১০টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেখানে অধ্যয়ন করছেন পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী।
এআর/আলোকিত চট্টগ্রাম


