লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের কোনো এক সময় তিনি স্ট্রোক করে মারা গেছেন, বলছেন চিকিৎসক।
আজিজুল হকের বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। তার দুই স্ত্রী, প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারের এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চারদিন ধরে সে বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল।
জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে লোহাগাড়ায় আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। ওই সময় এসআই আজিজুল হক সারাদিন ডিউটিরত ছিলেন। ডিউটি শেষে রাতে প্রতিদিনের মতো কোয়ার্টারে ঘুমিয়ে পড়েন। বেলা পৌনে ১২টার সময় সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে কোয়ার্টারে যান। এরপর তাকে মৃত অবস্থায় দেখতে পান।
জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, লোহাগাড়া থানায় কর্মরত এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। তার পরিবারের সদস্যরা আসছেন। এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।
এসএস/আলোকিত চট্টগ্রাম


