মিরসরাইয়ে ‍মুহূর্তেই লাশ যুবদল নেতা

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সালাহ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাহ উদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সালাহ উদ্দিন। জাতীয় বিশেষ অথনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় সেভেন রিং সিমেন্টের তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের ডাবল কেবিন পিকআপের সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই প্রাণ হারান সালাহ উদ্দিন।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি এবং পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে।

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনায় নিহত সালাহ উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত সালাহ উদ্দিনের লাশ উদ্ধার করে। এরপর লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm