কক্সবাজারের সুগন্ধা সমুদ্রসৈকত ও ঝাউবাগান এলাকায় অভিযান চালিয়ে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে অর্থদণ্ড এবং গাঁজাসহ আটক একজনকে অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) সহকারী পুলিশ সুপার ফাহিম ফয়সালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান আতাহার উপস্থিত ছিলেন।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, সুগন্ধা সৈকত ও ঝাউবাগান এলাকায় প্রকাশ্যে গণউপদ্রব সৃষ্টির অভিযোগে ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১/২০২৬ ও ১২/২০২৬ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯০ ধারায় অর্থদণ্ড করা হয়। আটক অন্য আটজনের নাম-ঠিকানা ও ছবি সংরক্ষণ করে ভবিষ্যতে সৈকত এলাকায় না আসার শর্তে মুক্তি দেওয়া হয়।
এদিকে অভিযান চলাকালে মো. মমিন হোসেন (২৩) নামে এক যুবকের দেহ তল্লাশি করে চার পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার কামালপুর এলাকার বাসিন্দা।
পরে মোবাইল কোর্টের ১৩/২০২৬ নম্বর মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আলোকিত চট্টগ্রাম

