দুই যুবকের কাছে দেশি-বিদেশি অস্ত্র, ভারতীয় এস্কাফ সিরাপও!

মিরসরাইয়ে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় এস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

গ্রেপ্তাররা হলো— উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বিসমিল্লাহ হাজী বাড়ীর আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৪) এবং করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে রহিম উল্লাহ রনি (৩৫)।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতঘর থেকে বোরহান উদ্দিন ও মো. রহিম উল্লাহ রনিকে গ্রেপ্তার করা হয়। পরে বোরহানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড বুলেট, দুটি কাঠের ছোরা, ১টি ফোল্ডিং সুইচ গিয়ার ও ২ বোতল ভারতীয় তৈরি এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি বিচারাধীন মামলা রয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm