ফটিকছড়িতে সম্পত্তির বিরোধে ভাইকে খুন করেছে বোন। নিহতের নাম মো. রফিক প্রকাশ মনা (৬৫)। অভিযুক্ত বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর মিয়াজিপাড়ায় এ খুনের ঘটনা ঘটে।
নিহত রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীর ছেলে মো. কাসেম বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, রফিকের দুই সংসার। তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরা উপজেলার লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে সৎ ভাই হাসান ফোন করে কাসেমকে জানান, তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাবার মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মামলার বাদী কাসেমের অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে তার ফুফু রোজি আক্তার ও সৎ ভাই হাসানের সঙ্গে তার বাবার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার রাতে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়।
তিনি বলেন, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে তার বাবাকে মারধর করে খুন করা হয়েছে এবং ঘটনাটি স্ট্রোক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত রোজি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আলোকিত চট্টগ্রাম
