মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।
রোববার (২ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার ইছাখালি ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৮) ও মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)।
জয়নাল আবেদিন ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন। জহির উদ্দিন ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বারইয়ারহাট পৌর বাজারে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘাতক পিকআপটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএ/আলোকিত চট্টগ্রাম


