মিরসরাইয়ে ১ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টায় বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় উত্তরা বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তাররা হলো— কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ব্লক-ই৪ এলাকার মো. সালামের ছেলে আজিজ খান (১৯) এবং একই ক্যাম্পের ব্লক-ডি এলাকার পেডান আলীর ছেলে বশির আলম (২১)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড়ের উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার সকালে আদালতে পাঠানা হয়েছে।
তিনি আরও বলেন, অপর একটি অভিযানে জোরারগঞ্জ থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. তারেকুলকে (২০) উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্তরুয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


