শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ৪০ লাখ টাকার চায়না কাপড়ের রোল ঢাকায় নেওয়ার পথে কাভার্ডভ্যানসহ চালক ধরা পড়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার চালকের নাম মো. নোমান (৩০)। তিনি ভোলা জেলার বোরহান উদ্দিন থানার আব্দুর রব মোল্লার ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে চায়না কাপড়ের ১০০টি রোল ঢাকায় নিয়ে যাচ্ছে বলে গোপন সূত্রে খবর মিলে। এরপর বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা (ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪) কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১০০টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন রঙের ১০০টি কাপড়ের রোল জব্দ করা হয়। প্রতি রোল কাপড় ৪০ হাজার টাকা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কাপড় জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া দিয়ে কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১০০টি চায়না কাপড়ের রোলসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যান চালককেও গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে কাভার্ডভ্যান চালক নোমানকে আদালতে পাঠানো হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম
