কক্সবাজারের নাজিরারটেক মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। তবে ওই নৌকায় থাকা নিউজিল্যান্ডের অপর তিন নাগরিককে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের নাজিরারটেক-সোনাদিয়া দ্বীপ মোহনায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
উদ্ধার হওয়া নিউজিল্যান্ডের তিন নাগরিক হলেন— এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। নিখোঁজ রয়েছেন এলবার্ট নামের ওই কিশোর। তাকে উদ্ধারে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলবার্টকে উদ্ধার করা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকালের কোনো এক সময় কক্সবাজার পৌরসভার নাজিরারটেক এলাকা দিয়ে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড তার পরিবারের চারজনকে নিয়ে নিজস্ব তৈরি জোড়া নৌকায় সাগর ভ্রমণে যান। সকাল সাড়ে ৯টার দিকে নাজিরারটেক-সোনাদিয়াদ্বীপ মোহনায় তাদের বোটটি হঠাৎ ডুবে যায়। এটি দেখতে পেয়ে এগিয়ে যান স্থানীয় জেলেরা। তারা এডওয়ার্ড, বেলা ও রালফকে উদ্ধার করে কোস্টগাডের কাছে হস্তান্তর করেন। কিন্তু আলবার্ট নিখোঁজ রয়েছেন।
বিডি/আলোকিত চট্টগ্রাম


