মিরসরাইয়ে গৃহবধূ জেরিন আক্তারকে (২৭) খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ওসি মো. আব্দুল হালিম।
গ্রেপ্তাররা হলেন— নিহত জেরিন আক্তারের স্বামী ওহিদুন নবী তুহিন এবং শ্বশুর শেখ আহম্মদ। তারা মামলার ১ ও ২ নম্বর আসামি।
গৃহবধূ জেরিন আক্তার মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, ১৬ আগস্ট দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর এলাকায় জেরিন আক্তারকে তার স্বামী ওহিদুন নবী তুহিন, শ্বশুর শেখ আহম্মদ ও শাশুড়ি শিরিনা আক্তার বিষপানে খুন করেন বলে জেরিনের পরিবারের অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় জেরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, জেরিনের পরিবার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির আহম্মদ সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেন। মঙ্গলবার দুপুরে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এএ/আলোকিত চট্টগ্রাম


