পরিবহনশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ আহত

নগরে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় থানার ওসিসহ চার পুলিশ সদস্য ও বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার পর নগরের গুরুত্বপূর্ণ দুটি সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দায়িত্বরত পুলিশ জানায়, সকাল থেকে ভোটগ্রহণ চলছিল। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনার কারণে ভোট দিতে দেরি হওয়া এবং জাল ভোট দেওয়ার অভিযোগ তোলেন কয়েকজন শ্রমিক। এ নিয়ে শ্রমিকদের দুই পক্ষের কথা-কাটাকাটি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

এরপর নগরের কদমতলী ও অলংকার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এই দুটি স্থান থেকে চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যায়। অবরোধের কারণে সেখানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান সাংবাদিকদের জানান, সংঘর্ষে তিনি ছাড়াও আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সবাই বর্তমানে দামপাড়া পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা নিয়ে শ্রমিকদের ক্ষোভ থেকেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

এদিকে সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন পরিবহনশ্রমিকেরা। এতে দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির সচিব মনোয়ার হোসেন বলেন, তাদের পর্যবেক্ষক দলের কয়েকজন আহত হয়েছেন। শ্রমিকরা ইটপাটকেল ছোড়ার পর পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এআর/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm