কক্সবাজারের পেকুয়ায় চেয়ারম্যানকে ফাঁসাতে গিয়ে ধরা খেল হাছিনা আক্তার (৪২) নামে এক ভুয়া ডিজিএফআই।
মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আটক হাছিনা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন।
মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্নভাবে আমাকে বিভ্রান্ত্র করার চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে যোগাযোগ করে নানা তথ্য ও বিষয় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করলে আমার সন্দেহ হয়। পরে বিষয়টি পেকুয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তিনি কোনো তথ্যপ্রমাণ দিতে না পারায় পুলিশ তাকে আটক করে।
যোগাযোগ করা হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি যে ডিজিএফআই সদস্য তা প্রমাণ করতে পারেননি। তিনি মূলত প্রতারণার মাধ্যমে সরকারি-বেসরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেন।
ওসি আরও বলেন, ওই নারীর বিরুদ্ধে প্রতারণার দায়ে থানায় মামলা দাযের করা হয়েছে। আজ (২৪ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
