পটিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের সামনে ২ যুবক, পংকজ খুন—তিলক রক্তাক্ত

পটিয়া সংঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩০) নামের আরেক যুবক।

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পংকজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল চক্রশালা এলাকায় আসে। এ সময় পংকজ ও তিলক তাদের সামনে পড়ে যান। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এদিকে চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

কচুয়াই ইউনিয়ন পরিষদ সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারী দল আমাদের এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুজনের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে এ ঘটনায় আবিদুর ইসলাম (৩৫) নামে বোরকা পরা এক ছিনতাইকারী ধরে ফেলেন স্থানীয়রা। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী আবিদুর পুলিশকে জানিয়েছে, তাদের সাথে এক নারীও ছিল। সবাই পালিয়ে গেলেও সে ধরা পড়ে যায়। তার বাড়ি গাইবান্ধা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল যায়। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm