লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান দখল—মানববন্ধন

লোহাগাড়ায় শতবর্ষী কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন করেছে খালাদাদ খাঁন জামে মসজিদের মুসল্লি ও স্থানীয়রা।

মঙ্গলবার (৯ জুন) সকালে কলাউজান ২নং ওয়ার্ড খালাদাদ খাঁন জামে মসজিদ কবরস্থান এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, কলাউজানের সাবেক চেয়ারম্যান মৌলভী ইদ্রিস ও তাঁর দুভাই আবুল বশর ও আনোয়ারসহ আরো কয়েকজন মিলে শতবর্ষী কবরস্থানটি দখলের পাঁয়তারা করছে। তারা সম্প্রতি জেলা পরিষদের একটি বরাদ্দ নিয়ে শতবর্ষী কবরস্থানের উপর পাকা দেয়াল নির্মাণ করার চেষ্টা করছে। এলাকার সাধারণ জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লি এধরনের কর্মকাণ্ড কখনো মেনে নেবেন না।

মানববন্ধনে স্থানীয় জনতা এবং মুসল্লিরা অভিযোগ করে বলেন, কথিত জমির মালিক পরিচয়দানকারী মৌলভী ইদ্রিস উত্তর কলাউজান খাঁলাদাদ খাঁন জামে মসজিদের শতবর্ষী কবরস্থানটি বিভাজন করার জন্য নানা অপপ্রচার ও চক্রান্ত চালিয়ে আসছেন। সম্প্রতি তিনি একটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।

তাঁরা বলেন, কবরস্থানটির আশেপাশ প্রায় শত পরিবারের কবরস্থান হিসেবেই পরিচিত। কিন্তু সম্প্রতি চট্টগ্রাম জেলা পরিষদ থেকে কবরস্থান উন্নয়ন ও সংস্কারের নামে ১ লাখ টাকা বরাদ্দ এনে কবরস্থানের মাঝখানে সীমানা প্রাচীর নির্মাণ করে শত বছরের প্রাচীন কবরস্থানটি চেয়ারম্যান পরিবারের একক দখলে আনার চেষ্টা করা হচ্ছে। সীমানা প্রাচীরটি সর্বজনীন না হয়ে পারিবারিক কবরস্থান বানানোর পাঁয়তারা করা হচ্ছে। যে কারণে ভবিষ্যতে লাশের দাফনকাজে বাধা সৃষ্টি হবে বলে শঙ্কা রয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এর প্রতিকার চেয়ে স্থানীয়দের পক্ষে অ্যাডভোকেট শিহাব উদ্দীন শতাধিক গ্রামবাসীর স্বাক্ষরসহ লিখিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়েছেন। লিখিত সেই অভিযোগে কলাউজানের সাবেক চেয়ারম্যান মৌলানা ইদ্রিস, তাঁর দুভাই আবুল বশর ও আনোয়ারসহ আরো ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm