নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভয়াবহ ঘটনা, লুটপাটের সঙ্গে মা-মেয়েকে ধর্ষণ
৬ ডাকাত আটক, আইসিইউতে স্কুলছাত্রী
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় ভয়াবহ ঘটনা ঘটেছে। প্রবাসীর বাড়িতে লুটপাটের সঙ্গে মা-মেয়েকে ধর্ষণ করেছে ডাকাতরা। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। সে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে।
সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদারপাড়ার ফুরুক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ৬ ডাকাতকে আটক করে পুলিশ। আটক ডাকাতরা হলো— মাতামুহুরী উপজেলার বড় ভেওলা ইউনিয়নের রেজাউল করিম, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদ । আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানান, সোমবার রাত ৮টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবাসী ফুরুক আহমদ চৌধুরীর বাড়ির গ্রিল কেটে বাড়িতে ডুকে পড়ে। পরে বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে এক স্কুলছাত্রী মেয়ে ও মাকে ধর্ষণ করে। এ সময় ডাকাতরা আলমারি থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস ও চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন।
ভুক্তভাগীর (মা) ভাই ও স্কুলছাত্রীর (মেয়ে) মামা সাইদুল ইসলাম ফারুক বলেন, আমার বোন ও ভাগনিকে ডাকাতরা পাশবিক নির্যাতন করেছে। আমার ভাগনির অবস্থা আশঙ্কাজনক। তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ওসি) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতরা বাড়িতে ডাকাতির পাশাপাশি মা-মেয়েকে শারীরিক নির্যাতন করেছে। ঘটনার পর স্থানীয় জনতা ও পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। সোমবার রাতে ঘটনার পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
যোগাযোগ করা হলে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস বলেন, প্রবাসীর বসতঘরে ডাকাতির খবর পাওয়ার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে।
আলোকিত চট্টগ্রাম
