কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে কিশোর, ট্রেনের ধাক্কায় লাশ

সাতকানিয়ায় প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বারদোনা শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর টিপু কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকার মো. শাহজাহানের ছেলে।

টিপুর মামা মোহাম্মদ খলিল জানান, কানে হেডফোন লাগিয়ে টিপু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিল। কানে হেডফোন থাকায় সে ট্রেনের হুইসেল শুনতে পায়নি। এরপর ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। তবে চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টার দিকে সাতকানিয়া রেলস্টেশন অতিক্রম করেছে।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm