ফটিকছড়িতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃ্ষ্টে বিজয় চন্দ্র দে (২১) নামে এক থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মানিকপুর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজয় চন্দ্র দে ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকার সুমন চন্দ্র দে’র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকপুর পুকুরপাড় এলাকায় শফি নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন বিজয়। কাজ করার একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আলোকিত চট্টগ্রামকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আলোকিত চট্টগ্রাম
