মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে ফেলে কক্সবাজারের চকরিয়ার ৬ কিশোর ও যুবককে অপহরণ করার অভিযোগ উঠেছে। অপহরণকারী চক্র তিনদিন ধরে তাদের আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ চাইছে।
অপহৃতরা হলেন— শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩), ইসাদুল হোছাইন হামিম (১৫), নুরুল আমিন মনু (২৭) ও মো. সিফাত (২১)। প্রথম চারজন চকরিয়া উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে সদস্যরা ৩১ মে চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে কাকারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ (৪৭), তাঁর ছেলে ইসরাক হোসেন (২০) এবং স্ত্রী তানিয়া বেগমকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় জমা দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ মে সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে চারজন এবং বমু বিলছড়ি ইউনিয়ন থেকে ২ জনকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণকারী চক্র তাদের আস্তানায় নিয়ে আটকে রাখে। গত তিনদিন ধরে অপহরণকারীরা ৬ কিশোর-যুবককে জিন্মিদশায় আটকে রেখে ০১৩৪৮৯৮৪৩৫০ নম্বরের মুঠোফোন থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। দ্রুত টাকা দেওয়ার জন্য অপহরণকারীরা কৌশল হিসেবে অপহৃতদের একটি ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হুমকি দিচ্ছে।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, অপহরণকারীদের দেওয়া সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জিম্মিদশায় আটকে রাখা কিশোর-যুবকদের প্রাণনাশ করবে বলেও ভয় দেখানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, ৬ কিশোর-যুবককে আটকে রেখে টাকা দাবি করার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমরা বিদেশ যাওয়ার কথায় সম্মতি দিয়ে বাড়ি থেকে বের হয়ে দালাল চক্রের খপ্পরে পড়েছে। অপহৃতদের উদ্ধার এবং জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
আলোকিত চট্টগ্রাম

