চকরিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, হাত-মুখ বেঁধে লুটপাট

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারটি চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম আবু তাহের সিকদারের।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বসতঘরের প্রধান ফটকের তালা কেটে ভেতরে ঢুকে। পরে তারা আবু তাহের সিকদারের ছেলে কামরুল সিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এ সময় পরিবারের অন্য সদস্যদেরও ভয় দেখানো হয়।

ভুক্তভোগী কামরুল সিকদার জানান, ডাকাতরা আলমারির চাবি নিয়ে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় সাড়ে সাত ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় চিৎকার করলে তাঁর স্ত্রী ও বৃদ্ধ মাকে মারধর করা হয়।

তিনি আরও জানান, ভোর ৪টার দিকে ডাকাতরা চলে গেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনজন ঘরের ভেতরে প্রবেশ করলেও বাইরে আরও সহযোগী থাকতে পারে। ঘটনাটি ডাকাতি, চুরি, ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে সংঘটিত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm