আনোয়ারায় সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী।
সওজ সূত্রে জানা যায়, চাতরী চৌমুহনী বাজার থেকে মেরিন একাডেমি পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এই উচ্ছেদ কার্যক্রম চলছে। ৭৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় বাজারের জলাবদ্ধতা নিরসনে ১২০০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। পাশাপাশি ক্রস ড্রেনও করা হবে।
অভিযানে থাকা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ জানান, চলমান সড়ক উন্নয়ন প্রকল্পের কাজে গতি আনতেই মূলত এই উচ্ছেদ। আশা করছি, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।
অভিযানে চট্টগ্রাম দক্ষিণ জেলা সওজের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপসহকারী প্রকৌশলী আবু আহসান মুহাম্মদ আজিজুল মোস্তফা উপস্থিত ছিলেন।
কেএস/আলোকিত চট্টগ্রাম


