ফটিকছড়িতে সাপের ছোবলে শিশুর মৃত্যু, কাঠগড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ফটিকছড়িতে মায়ের সঙ্গে পানি আনতে গিয়ে সাপের ছোবলে মো. আয়াত নামে আড়াই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠনের ঘোষণা দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৈয়্যবিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।

শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির সামনের টিউবওয়েলে মায়ের সঙ্গে পানি আনতে যায় আয়াত। এ সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। মায়ের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে আয়াতকে উদ্ধার করে দ্রুত নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা রক্ত পরীক্ষা করতে গিয়ে দীর্ঘ সময় কালক্ষেপণ করেন। প্রায় দেড় ঘণ্টা পর আয়াতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আয়াতের চাচা মু. শওকত বলেন, সাপে ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা মোটরসাইকেলে করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানে রক্ত পরীক্ষা করতে গিয়ে প্রায় এক ঘণ্টা সময় নষ্ট করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটি চিকিৎসকদের চরম অবহেলা।

এদিকে এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসাসেবার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm