আইয়ুব খুনে ধরা ২, অচেতন করে অটোরিকশা ছিনতাই করে গালকাটা জামাল

আনোয়ারায় আইয়ুব আলী (৫৫) খুনের ঘটনায় মূলহোতাসহ দুইজন ধরা পড়েছে।

সোমবার (১১ মে) আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পটিয়া উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম গ্রামের মো. জামাল প্রকাশ গালকাটা জামাল (৫২) ও তার সহযোগী রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের নুরের বাপের বাড়ীর মো. আব্দুল জব্বার ওরফে জব্বার (৩১)।

পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী ভাড়াভিত্তিক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অটোরিকশাটির মালিক ছিলেন মো. আলী আহম্মেদ। গত ২০ এপ্রিল সকালে আইয়ুব আলী গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। একইদিন দুপুরে আনোয়ারার শেখেরখীল সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৭ এপ্রিল তিনি মারা যান।

চিকিৎসকরা বলছেন, চেতনানাশক দ্রব্য প্রয়োগের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার মালিক মো. আলী আহম্মেদ বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার প্রধান আসামি জামাল দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য ব্যবহার করে অটোরিকশা ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm