শপথ নিলেন শুভেন্দু

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ (৯ মে) শপথ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সময় সাড়ে ১১টায় (স্থানীয় সময় সকাল ১১টা) শপথ অনুষ্ঠান শুরু হয়। বেলা ১২টার পর রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় শুভেন্দুর পিঠ চাপড়ে দেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু।

এর আগে ছাদ খোলা গাড়িতে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁরা তিনজন হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।

রবীন্দ্র জয়ন্তীর এ দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়।

আগেভাগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শপথ মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান ও জেপি নাড্ডা।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী ও উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি।

এছাড়া ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র শুভেন্দু অধিকারী।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm