ওমান প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁসিতে ঝুলেছেন স্ত্রী খুশি আকতার (২২)!
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
খুশি আকতার ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর দ্বিতীয় স্ত্রী। সাইফুর দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রবাসী স্বামীকে ভিডিও কল দেন স্ত্রী। কিন্তু ব্যস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি। এতে অভিমান করে খুশি আকতার সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। ঘটনাটি ভিডিও কলে দেখে স্বামী দ্রুত ছোট ভাইয়ের স্ত্রীকে বিষয়টি জানান। পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথম স্ত্রীর সন্তানদের নিয়ে পারিবারিক কলহ ও মানসিক চাপে তিনি এই পথ বেছে নিয়েছেন।
যোগাযোগ করা হলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কারো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেএ/আলোকিত চট্টগ্রাম


