রাউজানে স্ত্রীর পরকীয়ার জেরে মো. মিন্টু মিয়া (৪০) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহনন করেছেন।
রোববার (৩ আগস্ট) রাত দেড়টায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি কলোনির ভাড়া বাসা থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।
মিন্টু মিয়া নেত্রকোনা সদরের কারলী এলাকার মো. আবু সাহেদের ছেলে।
পুলিশ জানায়, এক মাস আগে দেশে ফিরেন মিন্টু মিয়ার ওমান প্রবাসী স্ত্রী ঝিনু আকতার। দেশে ফিরে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্ত্রীর পরকীয়ায় বিষয়টি জানার পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। রোববার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মিন্টুর। এ সময় নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেন তিনি। এরপর নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহনন করেন। এ সময় স্ত্রী-সন্তানরা একই কলোনির পাশে মিন্টুর শ্বশুর আবুল কাশেমের ভাড়া বাসায় ছিলেন।
পরে মিন্টুর ঝুলে থাকার দৃশ্য দেখতে পান তার কিশোরী মেয়ে মোনালিসা। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিস ও রাউজান থানায় খবর দেন স্থানীয়রা। এরপর রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এরপর লাশ থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।
এসএ/আলোকিত চট্টগ্রাম


