চট্টগ্রামে ডেঙ্গু—চিকনগুনিয়া—করোনার আতঙ্কের মাঝে জিকার জোড়া আঘাত

ডেঙ্গু, চিকনগুনিয়া, করোনা— চট্টগ্রামে এখন এই তিন রোগের প্রকোপ বাড়ছে। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে জিকা ভাইরাস। চট্টগ্রাম নগরে দুজনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। শনাক্ত দুজনের একজন পুরুষ ও একজন নারী। তাঁদের বয়স ৪০।

মঙ্গলবার (৮ জুলাই) দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, একটি বেসরকারি ল্যাবের পরীক্ষায় সোমবার রাতে দুজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। জিকার পাশাপাশি চট্টগ্রামে ৩০ জন চিকুনগুনিয়া রোগীও শনাক্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : চট্টগ্রামে আক্রান্তে এগিয়ে ডেঙ্গু, মৃত্যুতে করোনা

এদিকে সিভিল কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ জন এবং করোনা শনাক্ত হয়েছে ৪ জনের।

করোনার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২ নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ২ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ২ জন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনের তথ্য বলছে, চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি দশটি ল্যাবে ৯২ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ১২ নমুনা পরীক্ষায় ১ জন এবং শেভরনে ৭ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়।

করোনায় মোট আক্রান্ত ১৮৪ জনের মধ্যে পুরুষ ৮৮, নারী ৯১ এবং শিশু ১ জন। এর মধ্যে নগরের বাসিন্দা ১৬৫ জন এবং উপজেলার বাসিন্দা ১৯ জন।

ডেঙ্গুর প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের ৩ জন সরকারি হাসপাতালে এবং ৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী।

আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২২, করোনা ২

প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫৩৫ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ২৩৬ জন নগরের এবং ২৯৯ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ৯০ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি। এর আগে জানুয়ারিতে ১ জন এবং এপ্রিলে ১ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে মাসে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪ জন, নারী ৯৬ জন এবং শিশু ৫৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm