চট্টগ্রামে আক্রান্তে এগিয়ে ডেঙ্গু, মৃত্যুতে করোনা

চট্টগ্রামে করোনার সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগী। আক্রান্তে এগিয়ে ডেঙ্গু। তবে মৃত্যুতে ডেঙ্গুকে ছাড়িয়ে গেছে করোনা। করোনা রোগী যেখানে ১৭৮ সেখানে ডেঙ্গু আক্রান্ত ৫০৬ জন! আবার ডেঙ্গুতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হলেও করোনা কেড়ে নিয়েছে ৭ প্রাণ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত ১১ জন।

রোববার (৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও ডেঙ্গুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৬ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা, ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

প্রতিবেদনের তথ্য বলছে, চট্টগ্রাম জেলার সরকারি-বেসরকারি নয়টি ল্যাবে ১৩৬ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শেভরনে ১৬ নমুনা পরীক্ষায় ২ জন এবং এপিক হেলথ কেয়ারে ৪৩ নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়।

করোনায় মোট আক্রান্ত ১৭৮ জনের মধ্যে পুরুষ ৮৭, নারী ৯০ এবং শিশু ১ জন। এর মধ্যে নগরের ১৬১ জন এবং উপজেলার বাসিন্দা ১৭ জন।

সর্বশেষ গত ২৭ জুন নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এর আগে গত ২৩ জুন ২ জন, ২২ জুন ২ জন, ২০ জুন ১ জন এবং ১৬ জুন করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়। তারা হলেন— নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০), নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১) এবং মিরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫)।

অপরদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের ৭ জন সরকারি হাসপাতালে এবং ৪ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু।

আরও পড়ুন : করোনা : ১১ হাসপাতালের মধ্যে শনাক্ত শুধু শেভরনে

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুসারে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫০৬ জন এবং মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ২২০ জন নগরের এবং ২৮৬ জন উপজেলার বাসিন্দা। চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৬১ জন। তবে এ মাসে এখনও কারো মৃত্যু হয়নি। এর আগে জানুয়ারিতে ১ জন এবং এপ্রিল মাসে ১ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১৭৬ জন, মে মাসে ১১৬ জন, এপ্রিলে ৩৩ জন, মার্চে ২২ জন, ফেব্রুয়ারিতে ২৮ জন এবং জানুয়ারিতে ৭০ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ ১৯৪, নারী ৯৬ এবং শিশু ৫৫ জন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm