চট্টগ্রাম নগরের বাকলিয়ায় একটি ভবনে চু্রির ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুজোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি স্মার্টফোন এবং কাপড়ের ব্যাগের ভেতর তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
রোববার (২৩ মার্চ) দুপুরে নগরের বাকলিয়া থানার দেওয়ান বাজার এক নম্বর গলির নিরাপদ হাউজিং-২ এর আল-মদিনা ভবনে এ চুরির ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর মামলার বাদী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে আসে বাকলিয়া থানা পুলিশ। এরপর এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হয়। পরে অভিযান চালিয়ে জড়িত দুই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— রোজিনা বেগম (৪০) ও তাসনুভা বেগম (২২)। তারা গৃহকর্মী হয়ে বিভিন্ন বাসায় কাজ করেন।
আরও পড়ুন : বিশ্বাসের ঘরে আগুন—২২ লাখ টাকার সোনা নিয়ে ‘উধাও’ সেলিনা ধরা
পুলিশ জানায়, গত রোববার দুপুর সোয়া একটার দিকে মামলার বাদীর স্ত্রী সুমাইয়া আক্তার নুপুর এবং খালা বুলু বেগম বাসা তালাবদ্ধ করে নগরের টেরিবাজারে কেনাকাটা করতে যান। এরপর কেনাকাটা শেষে বাসায় ফিরে দেখতে পান বেডরুমের স্টিলের আলমারির তালা ভাঙা ও রুমের ভিতরে কাপড়-চোপড় ছড়ানো-ছিটানো। এরপর জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
জানা যায়, গ্রেপ্তাররা মূলত গৃহকর্মী হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ নেন। বাসা-বাড়ি ফাঁকা পেলে সুযোগ বুঝে চুরি করে সটকে পড়ে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, চুরির ঘটনায় মামলার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোজিনা এবং তাসনুভাকে আটক করা হ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করে। মূলত তারা গৃহকর্মী হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ নিয়ে চুরি করে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৪০ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ২৮ হাজার টাকা দামের এক জোড়া কানের দুল, স্বর্ণের আংটি, একটি স্মার্টফোন এবং কাপড়ের ব্যাগের ভেতর তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম
