চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের (২৫) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাঁকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
আরও পড়ুন : ফেসবুক লাইভে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রীর চ্যালেঞ্জ—যা বলল সিএমপি
এর আগে দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা রয়েছে। সে আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত। সাজ্জাদ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভবন নির্মাণ ও প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করত। তাকে আদালতে পাঠিয়ে ১৪ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ১৫ মার্চ রাত ১০টার দিকে ঢাকার বসুন্ধরা শপিং মলে স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে গেলে সেখান থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়।
আরবি/আলোকিত চট্টগ্রাম
