সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
এসব ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন : মধ্যরাতে উড়াল দিতে গিয়ে ধরা সাবেক ভূমিমন্ত্রীর পার্টনার সাইফুল
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে তিনি এসব অস্থাবর সম্পদ স্থানান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁর ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা জরুরি।
এর আগে গত বছরের ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
এসময় দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টতা থাকায় তাঁরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন।
জেজে/আরবি
