চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদকে (২৫) ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে তাঁর অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করবে তাকে সিএমপির পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে। সংবাদদাতা, সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
আরও পড়ুন : পুলিশকে গুলি করে পালিয়ে গেল সন্ত্রাসী সাজ্জাদ, রক্তাক্ত ৪
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে কুলগাঁও খলিল শাহ মাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ের ইউসুফের বাড়ির দ্বিতীয় তলার একটি রুম থেকে চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী আসিফসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করে বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে ৫ নভেম্বর ভোরের দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ের জালালাবাদ সিএনজি পেট্রল পাম্পের পাশে ইউনুস টাওয়ারের পঞ্চম তলায় অভিযানে দুপুলিশসহ ৪ জনকে গুলিবিদ্ধ করে পালিয়ে যান সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ।
আরবি/আলোকিত চট্টগ্রাম
