চট্টগ্রাম নগরে ৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪২) নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, ভোর ৫টার দিকে পাহাড়তলী থানার দুলালাবাদের পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্টে একটি অটোরিকশা গাড়ি থামানো হয়। এসময় গাড়ির ভেতরে থাকা যাত্রীর কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করলে তিনটি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় যাত্রী মো. ফারুককে আটক করা হয়। তল্লাশির সময় তিনি নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামের পত্রিকার রিপোর্টার বলে দাবি করে আইডি কার্ডও উপস্থাপন করেন।
আরও পড়ুন : চট্টগ্রামে মাছ-আলু বিক্রেতা গলায় সাংবাদিকের কার্ড ঝুলিয়ে চাঁদাবাজি, রেহাই পাচ্ছে না পুলিশও
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেন, তিনি সাংবাদিক আইডি কার্ড ব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিলেন। ওইদিন তিনি সীতাকুণ্ড থানার কালুশাহ মাজার এলাকা মাদক নিয়ে বিক্রির জন্য পতেঙ্গা এলাকায় যাচ্ছিলেন।
এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদ বলেন, গাঁজাসহ আটক ব্যক্তি সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে মাদক পাচারের কাজে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
আরবি/আলোকিত চট্টগ্রাম


