মেয়াদ ছাড়া দই দিয়ে লাচ্ছি বানায় কুটুমবাড়ি

মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করে কুটুমবাড়ি। এ অপরাধে নগরের কুটুমবাড়ি রেস্তোরাঁর চকবাজার শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং অনিরাপদ পানি কনটেইনারে সংরক্ষণের দায়ে আরও ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ। এছাড়া সচেতন ছাত্ররা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ধরা খেল চকবাজারের কুটুমবাড়ি, পার পেল না কেনটাকী রেস্টুরেন্টও

জানা যায়, অভিযানে চকবাজার এলাকার কুটুমবাড়ি রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও অনিরাপদ পানি কনটেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা ও মতলব ফুড কর্ণারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আজকের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানের কাছে থেকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm