সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণ—দগ্ধ ১২, ঢাকায় নেওয়া হলো ৮ জনকে

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় এসএন কর্পোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের শরীরের ৬-৯০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে এবং ৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আহতরা হলেন— জাহাঙ্গীর (৪৮), আহমাদুল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আলামিন (২৩), কারিমুল (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০) ও সাইফুল (৩০) ।

আরও পড়ুন : সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে হঠাৎ আগুন, মুহূর্তেই মৃত্যু

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রেণে বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে আজ বিকেল ৫টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজন চমেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢাকায় পাঠানোরো হলেন— বরকত উল্লাহ, আনোয়ার হোসেন, আল আমিন, জাহাঙ্গীর, হাবীব, কাসেম, খাইরুল ও আহমেদ উল্লাহ। এদের মধ্যে জাহাঙ্গীরের শরীরে ৭০ শতাংশ, আহমেদ উল্লাহর ৯০ শতাংশ, আল আমিনের ৮০ শতাংশ ও বরকত উল্লাহর ৬০ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রায়হানুল কাদের বলেন, বিস্ফোরণে দগ্ধ আশঙ্কাজনক ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকি চারজন এখানে চিকিৎসাধীন।

এস এন করপোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনেই জাহাজ কাটার কাজ করি। তবে আজকের এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহত সকলের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm