আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না

‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’, ‘মঠ-মন্দিরে হামলা সইবে না বাংলা’, ‘আমার ভাই মরল কেন? জবাব চাই দিতে হবে’, ‘বাড়ি-ঘরে হামলা কেন? বিচার চাই, বিচার চাই’, ‘আমরা সম্প্রীতি চাই, শান্তি চাই’, ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়ব না’। এমন আরও অনেক স্লোগানে স্লোগানে মুখর নগরের আন্দরকিল্লা মোড়।

দেশজুড়ে সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদ জানাতে এ আয়োজন করা হয় রোববার (১১ আগস্ট) দুপুর ৩টায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা সংগঠনসমূহের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচি শেষ হয় মিছিল বের করার মধ্যদিয়ে।

কর্মসূচির শুরুতে বিভিন্ন ব্যানার ও প্লে-কার্ড নিয়ে আন্দরকিল্লা চত্বরে জড়ো হতে থাকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও হিন্দু নর-নারীরা। এসময় নানা ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে আন্দরকিল্লা চত্বর।

আরও পড়ুন : দেশজুড়ে হামলা-নির্যাতন, প্রতিবাদে চেরাগী চত্বরে লাখো হিন্দুর ঢল

সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চা সংগঠনসমূহের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের মঠ-মন্দির, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ, হত্যা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। এসব হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। না হয় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের দাবি পূরণ না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে। হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মঠ-মন্দির সরকারি উদ্যোগে নির্মাণের দাবিও জানান বক্তারা।

শেষে আন্দরকিল্লা চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল মোমিন রোড-জামাল খান প্রেস ক্লাব হয়ে পুনরায় আন্দরকিল্লা এসে শেষ হয়।

এর আগে গতকাল (১০ আগস্ট) দেশজুড়ে হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, মঠ-মন্দির, ঘর-বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জায়গা-জমি দখলের প্রতিবাদে নগরের চেরাগী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। যেখানে জড়ো হয় লাখো হিন্দু।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এসময় সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm