কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত সংবাদপত্র হকার প্রকাশ কান্তি ধর (৬৩) মারা গেছেন।
রোববার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন প্রকাশ। প্রথমে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ তিনি মারা যান।
আরও পড়ুন : লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিউজপ্রিন্টের দাম—কমছে পত্রিকার পাঠক, সংবাদপত্রশিল্পে অশনিসংকেত
প্রকাশ কান্তি ধর হারবাং ইউনিয়নের ধরপাড়ার হিরণ লাল ধরের ছেলে। তিনি ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া তিনি চকরিয়া হকার্স সমিতির সহসভাপতির দায়িত্বে ছিলেন।
এদিকে সংবাদপত্র হকার প্রকাশের মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাব সভাপতি এম.জাহেদ চৌধুরী ও সম্পাদক মিজবাউল হক, রিপোর্টার্স ইউনিটি, চকরিয়ার সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাপ্পি শাহরিয়ারসহ চকরিয়া সংবাদপত্র হকার্স সমিতির নেতারা শোকপ্রকাশ করেন।
এমকেডি/আরবি


