কুতুবদিয়ায় একটি এনজিও সংস্থার কর্মশালায় ভাতের প্যাকেট নিয়ে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে ফরহাদুল ইসলাম আরজু (২০) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আলী আকবর ডেইল শান্তিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক আব্দুল হাদী সিকদারপাড়ার আরফাতের ছেলে। আহতরা হলেন— ঘাটকুলপাড়ার রিয়াদ (১৯), আব্দুল হাদী সিকদারপাড়ার কুরবান আলী (১৮), নিশাত (১৭), শাফায়াত (৪০) ও তাওছিফ (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন : রাতের আঁধারে বৃদ্ধকে পিটিয়ে খুন, রক্তাক্ত ৩
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে একটি এনজিও সংস্থার পুষ্টি বিষয়ক কর্মশালায় ১০০ জনের তালিকা দেয় ফরহাদের গ্রুপ। এ তালিকা পছন্দ না হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোছাইন তার গ্রুপের ১৫-২০ জন ব্যক্তির জন্য ভাতের প্যাকেট বরাদ্দের দাবি জানায়। এসময় ভাতের প্যাকেট কম থাকায় উভয়পক্ষের মাঝে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল হাদী সিকদারপাড়ার আরফাতের ছেলে ফরহাদের পেটে ছুরিকাঘাত করা হয়। এছাড়া আহত হয় আরও ৫ জন।
এ বিষয়ে জানতে চাইলে আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, উভয়পক্ষের মধ্যে পূর্বশত্রুতা রয়েছে। এর জেরে খুনের ঘটনা ঘটেছে।
যোগাযোগ করা হলে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফরহাদ নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি/আরবি


