আনোয়ারায় মসজিদের টাকার হিসাব চাওয়ায় কমিটির সেক্রেটারির হামলার শিকার হয়েছেন ভূমিদাতা পরিবারের সদস্য শহীদুল ইসলাম (২৮)।
শুক্রবার (১৬ জুন) জুমার নামাজের পর মাঝরপাড়া জামে মসজিদের ভেতর এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর ভুক্তভোগী পুলিশ সদস্য শহীদুল ইসলাম বাদী হয়ে ৭ জনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন- মতিউর রহমান (৬০), খায়ের আহমদ ইউসুফ (৪০), মো. হাফেজ (৩৮), মো. রাসেল (৩২), মো. মামুন (২৮), মো. সাহাব উদ্দিন (২৪) ও মো. জাহেদ (২০)। তারা সবাই বটতলী ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: আনোয়ারায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, ভাঙচুর
অভিযোগ সূত্রে জানা যায়, শহিদুলের পূর্বপুরুষের দেওয়া জায়গা ওপর নির্মাণ করা হয় বটতলী মাঝরপাড়া জামে মসজিদ। ভূমিদাতার একজন উত্তরসূরী হিসেবে শহিদুল মসজিদ কমিটির সেক্রেটারি মতিউর রহমানের কাছে আয়-ব্যয়ের হিসাব জানতে চান। এ সময় ক্ষিপ্ত হয়ে মতিউরসহ অন্যান্য অভিযুক্তরা মিলে শহিদুলকে গালাগালি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ বিষয়ে ভুক্তভোগী শহীদুল ইসলাম বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে স্বঘোষিত কমিটির মাধ্যমে মসজিদের টাকা আত্মসাৎ করে আসছেন কমিটির সেক্রেটারি মতিউর রহমান। শুক্রবার জুমার নামাজে মসজিদের জন্য টাকা তোলার সময় আমি আয়-ব্যয়ের হিসাব চাইলে তারা আমার ওপর চড়াও হয় এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়।
এদিকে অভিযোগ অস্বীকার করে সেক্রেটারি মতিউর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, মসজিদের জায়গার কোনো কাগজপত্রে তাদের নাম উল্লেখ নেই। শুধু শুধু মসজিদে এসে ঝামেলা করছিল। তাই মুসল্লিরা তাঁকে সরিয়ে দিয়েছেন।
যোগাযোগ করা হলে আনোয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেএস/আরবি


