হাটহাজারীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চবি ২ নম্বর গেইটের পরে ১১ মাইল এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহতরা মধ্যে ওসমান গনি (৫০), সাইমুন (২২), সাব্বির (১১), ইউছুপ (৪৮), নিলু বালা (৮০), রতন কুমার চৌধুরী (৫৮), প্রকাশ মল্লিক (৬৩), সাহেদসহ (২১) অজ্ঞাত আরো কযেকজন রয়েছেন এছাড়া সমারন্দন নাথ (৭০), নুর জাহান (৫৫), জাহানারা বেগম (৬০), রাকিব (১৬) এবং অজ্ঞাত আরও একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। তবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন : মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাসে দুমড়েমুচড়ে গেল ২ দোকান
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালের দিকে চট্টগ্রামের অক্সিজেন বাস স্টেশন থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে শাহজালাল নামের বাসটি (চট্টমেট্টো জ-০৫০০৯৬)। এগারো মাইল স্থান অতিক্রম করার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে আশেপাশের লোকজন ও হাটহাজারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুর্ঘটনাকবলিত বাস ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুমা আকতার জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কযেকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
যোগাযোগ করা হলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ আলোকিত চট্টগ্রামকে বলেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্ত শেষে জানা যাবে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এসএ/আরবি


