সাতকানিয়ার কাঠগড় রেলক্রসিংয়ে গেটম্যান নেই, এবার ঝরল ২ প্রাণ

সাতকানিয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। তারা হলেন— প্রবাসী  আবু তাহের (৫৫) ও ব্যাটারিচালিত  অটোরিকশা চালক আব্দুস শুক্কুর (৪৫)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন কাঠগড় রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পর্যটক এক্সপ্রেসকে আটকাতে না পারলেও রেললাইনে গাছের গুঁড়ি ফেলে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসকে দুই ঘণ্টা আটকে রাখে। পরে থানা ও রেলওয়ে পুলিশের সহায়তায় অবরোধ প্রত্যাহারের পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

নিহত প্রবাসী আবু তাহের উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইঙ্গাপাড়ার আহমদ হোসেনের ছেলে। ব্যাটারিচালিত  অটোরিকশা চালক আব্দুস শুক্কুর ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরীপাড়ার শাহাব উদ্দিনের ছেলে।

জানা যায়, প্রবাসী আবু তাহের দোহাজারী এলাকা থেকে বাজার করে বিওসির মোড় থেকে আব্দুস শুক্কুরের অটোরিকশায় মাইঙ্গাপাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। তারা কাঠগড় রেলক্রসিংয়ের উপর পৌঁছালে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে আবু তাহের গুরুতর আহত হয়ে

ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে শুক্কুরকে গুরুতর আহত অবস্থায় দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। ফলে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস দোহাজারী-কালিয়াইশ ১০০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎকেন্দ্রের কাছেই আটকে যায়। এ অবস্থায় ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। দীর্ঘ দুই ঘণ্টা ট্রেনটি আটকে থাকার পর থানা ও রেলওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর বিকেল ৪টার দিকে প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা ঠিকাদার জসিম উদ্দিন বলেন, কাঠগড় রেলক্রসিংয়ে গেটম্যান না থাকার ফলে এর আগেও দুর্ঘটনা হয়েছিল। আজকেও দুজনের মৃত্যু হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই রেলক্রসিংয়ে গেটম্যান দেওয়ার দাবি জানাচ্ছি।

যোগাযোগ করা হলে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা রেলের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা রেললাইনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। পরে রেলওয়ে ও থানা পুলিশের সহায়তায় অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

ডিএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm