আনোয়ারায় মনোয়ারার ঝুলন্ত লাশ

আনোয়ারায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মনোয়ারা বেগম আনোয়ারার চাতুরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন ছেলেই প্রবাসী এবং দুই মেয়ের বিয়ে হয়েছে। মেজ ছেলে সম্প্রতি বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন। মনোয়ারা বেগম ওই বাসায় একা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে ছেলে মাকে দেখতে বাসায় এলেও তাকে খুঁজে পাননি। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে যান। এ সময় ফ্যানের সিলিংয়ের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় মনোয়ারা বেগমকে দেখতে পান। পরে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, রাতে ওই নারীকে তার ছেলে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm