বাড়ি থেকে স্কুলের দূরত্ব চার কিলোমিটার। প্রতিদিন হেঁটেই সেই পথ পাড়ি দিতে হতো সুমাকে। যাওয়া-আসায় সবমিলিয়ে সুমাকে হাঁটতে হতো প্রায় আট কিলোমিটার! এতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হতো সময়। প্রতিকূল আবহাওয়ায় অনেক সময় ঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছানোও সম্ভব হতো না।
ফটিকছড়ি উত্তর উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের লম্বাবিল গ্রামের শিক্ষার্থী সুমা আক্তার আলোকিত বিদ্যাপীঠ তৌহিদুল আনোয়ার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সে কৃষক নুরুল আলম ও গৃহিণী সেলিনা আক্তারের মেয়ে।
তবে স্কুলে যেতে আট কিলোমিটার পাড়ি দেওয়ার দুর্ভোগ থেকে এবার মুক্তি পেয়েছে সুমা! রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে সুমার হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল।
বাইসাইকেল পেয়ে ভীষণ খুশি সুমা বলে, প্রতিদিন পায়ে হেঁটে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে আসতে হয়। যাওয়া-আসায় অনেক সময় লাগে। সময়মতো স্কুলে আসতেও কষ্ট হয়। এখন বাইসাইকেল পেয়েছি। এতে সময় ও যাতায়াতের কষ্ট, দুটোই কমবে।
শুধু সুমা নয়, হারুয়ালছড়ির প্রত্যন্ত এলাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে আসা আরও ১৯ শিক্ষার্থীর যাতায়াতের কষ্ট বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল।
রোববার দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ও সুয়াবিলের সীমান্তবর্তী বারোমাসিয়ার তৌহিদুল আনোয়ার হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে ২০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের বিদায়ী প্রেসিডেন্ট সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট জামাল নাসের চৌধুরী ও বাউবির সাবেক পরিচালক শরীফ শমশীর।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা সুজাউদ্দীন জাফর। শিক্ষক এবি সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা রাহুল ধর মিথুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের সময় সাশ্রয়ের পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতিও বাড়বে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের দায়িত্বশীলরা।
কর্মসূচিতে সহায়তা করেছে এসিএস লজিস্টিক লিমিটেড।
আলোকিত চট্টগ্রাম


