মিরসরাইয়ে সম্পত্তির বিরোধের জেরে প্রনতি রাণী দাশ রায় (৬৮) নামে এক বিধবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিঠাছরা এলাকায় দুলালের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে একই বিরোধের জেরে ওই পরিবারের লাগনো গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের ৮ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।
প্রনতি রানী দাশ রায় মিরসরাই সদর ইউনিয়নের দুলালের বাড়ির মৃত অমরন্দু দাশ রায় প্রকাশ দুলালের স্ত্রী। ২০১৫ সালে স্বামী অমরন্দু দাশ মারা যান। স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি বসতভিটায় বসবাস করে আসছেন।
ভুক্তভোগী প্রনতি রাণী দাশ অভিযোগ করে বলেন, ২০১৫ সালে স্বামীর মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে স্বামীর বসতভিটায় বসবাস করে আসছি। স্বামীর নামে তফসিলভুক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছে। সম্পত্তি নিয়ে বিরোধে বারবার মীমাংসা করা হলেও তারা মানে না। আদালতে রায় হয়েছে আমাদের পক্ষে। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের ৮ দিন পার হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে তদন্ত করেনি কিংবা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি।
থানায় লিখিত অভিযোগে তিনি প্রতিবেশী ছোটন কর্মকার, আজিম উদ্দিন ও আজাদ হোসেনের নাম উল্লেখ করি। তারাই সংঘবদ্ধভাবে আমার লাগনো গাছগুলো কেটে নিয়ে গেছে। শুক্রবার রাত ২টার দিকে বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে পুরো ঘর পুড়ে গেছে। স্বামীর শেষ আশ্রয়টুকু হারিয়েছি। এখন কোথায় থাকবো তিন মেয়েকে নিয়ে?
তিনি আরও বলেন, গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি। আর এখন রাতের আঁধারে আমার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুটি ঘটনা একই চক্রের। তাদের উদ্দেশ্য আমাকে উচ্ছেদ করে জমি দখল করা। বিচার কে করবে?
প্রনতি বলেন, আজ মিরসরাই উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের উদ্যোগে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। আমি উপস্থিত হলেও অপরপক্ষ উপস্থিত হয়নি।
যোগাযোগ করা হলে ছোটন কর্মকার আলোকিত চট্টগ্রামকে বলেন, আজকের বৈঠক সম্পর্কে আমি কিছুই জানি না। প্রনতি রাণী দাশের সম্পত্তির বিরোধ সুমনের সাথে। সুমনের সাথে আমার সম্পর্কের কারণে সমাধানের জন্য আমি সম্পৃক্ত হয়েছি। এখন আমাকে বিবাদী করে একটি পক্ষ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ছোটন কর্মকার ও প্রনতি রাণী দাশের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আওয়ামী লীগ সরকার আমলেও এ নিয়ে অনেক দেনদরবার হয়েছে, কিন্তু সমাধান হয়নি। আমি দুই পক্ষকে একজন করে প্রতিনিধি দিতে বলেছিলাম। আমার পক্ষ থেকেও একজন প্রতিনিধি থাকবে। তিনজন মিলে জমির কাগজপত্র পর্যালোচনা করে যে সিদ্ধান্ত হবে, তা উভয়পক্ষকে মেনে নেওয়ার কথা ছিল। প্রনতি রাণী বৈঠকে এলেও ছোটন কর্মকার উপস্থিত হননি।
তিনি আরও বলেন, এরমধ্যে শুক্রবার রাতে প্রনতি রাণী দাশের বসতঘরটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।
জানতে চাইলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিধবার ঘরে আগুন দেওয়ার বিষয়য়ে এখনো কোনো অভিযোগ পাইনি।
গত ১৪ সেপ্টেম্বর গাছ কাটার অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত বলতে পারছেন না জানিয়ে তিনি বলেন, আমি চট্টগ্রামে একটি মিটিংয়ে আছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে তদন্ত করা হবে এবং তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
এএ/আলোকিত চট্টগ্রাম

