শ্মশানে যুবকের রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়াপাড়ার শ্মশান থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়াপাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজমিস্ত্রি মোস্তাহেরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : সবজি বাগানে গিয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

নিহতের মা আরতি বালা জানান, রোববার সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্মশানে কাজে যায় সুমন। দুপুরের খাবার খেতে বাড়িতে আসেনি। হেডমিস্ত্রি পায়ে আঘাত পাওয়ায় সকাল ১০টায় বাড়ি চলে যায়। পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি। পরে রাত সাড়ে ১০টায় শ্মশানে তার লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই আবদুল মান্নান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তিনি জানান, লাশের মুখের ডান পাশ থেঁতলানো। জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

যোগাযোগ করা হলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm