লোহাগাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ১৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুখছড়ি দরবার শরীফ এলাকার চিশতিয়া মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, পুড়ে যাওয়া মোট ১৯টি দোকানের মধ্যে চায়ের দোকান, মুদির দোকান, ফার্নিচার দোকান, কম্পিউটার দোকান, ফার্মেসি, পান-সিগারেটের দোকান, লন্ড্রি, সেলুন, বাইসাইকেল মেকানিকের দোকান, বিকাশের দোকান ও মাইকের দোকান ছিল।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন : সেন্টমার্টিনে গভীর রাতের আগুনে চোখের পলকেই পুড়ে ছাই ২ রিসোর্ট
প্রত্যক্ষদর্শী ফার্নিচার দোকানের কর্মচারী আবুল হাশেম বলেন, প্রতিদিনের মতো দোকানের ভেতর ঘুমিয়ে যাযই। হঠাৎ আগুন দেখে দ্রুত দোকান থেকে বাইরে এসে চিৎকার করতে থাকি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিস আসার আগেই অনেক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত চিশতিয়া মার্কেটের স্বত্বাধিকারী নেছারুল হক চিশতীর ছেলে মইছরুল হক চিশতি বলেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পারি পুড়ে যাওয়া দোকানের ভেতর থাকা মালামাল ও স্থাপনাসহ প্রায় ১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য নূরুল কবির বলেন, এই আগুনে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদৈর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।
জানতে চাইলে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. রুবেল আলম বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে। ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
এসএস/আরবি


