এইচএসসির ফলাফলে গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের রেকর্ড করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এবার এই বোর্ডে পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। তবে ১৫ বছরে সর্বনিম্ন পাসের রেকর্ডের পরও পাসের হারে ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে তিন নম্বরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। শুধু ৯টি সাধারণ বোর্ডে পাসের হারের হিসাব করলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থাকবে দ্বিতীয় স্থানে। চলতি বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এদিকে এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪৮.০৪ শতাংশ, যশোর শিক্ষা বোর্ডে ৪৪.৯২ শতাংশ, বরিশাল বিভাগে ৪৪.৮৪ শতাংশ, সিলেট বিভাগে ৫০.৯০ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৫.৯৮ শতাংশ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯.৪৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
আলোকিত চট্টগ্রাম


