মিরসরাইয়ে দুমড়েমুচড়ে গেল ট্রাক, আটকে পড়ে লাশ হেলপার

মিরসরাইয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পেঁয়াজ বোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।

শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহাসড়কের চলমান ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক (ফেনী- ট-১১-০৬৮০) দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পেঁয়াজ বোঝাই দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২২-৬২২৯) ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে চালকের সহকারী আটকা পড়েন। আহত হন ট্রাকের চালকও। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রবিউল হোসেনকে মৃত ঘোষণা করেন।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শরিফুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মো. রবিউল হোসেন নামে চালকের সহকারী নিহত হয়েছেন। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm